Sunday, May 24

ঈদ সামনে রেখে কানাইঘাটে পুলিশের বিশেষ মবিলাইজেশন মহড়া


নিজস্ব প্রতিবেদক:

বিত্র ঈদুল আযহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কানাইঘাট থানা পুলিশের উদ্যোগে বিশেষ মবিলাইজেশন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) দিনব্যাপী আয়োজিত এ মহড়ায় নেতৃত্ব দেন কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূরে আলম এবং কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম। এতে জেলা পুলিশ ও থানা পুলিশের বিভিন্ন ইউনিট, টহল দল এবং বিশেষ ফোর্স অংশ নেয়।

থানা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ মহড়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার, জনসমাগমপূর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে কেন্দ্র করে পরিচালিত হয়। মহড়ায় পুলিশ সদস্যরা আধুনিক কৌশলে টহল কার্যক্রম, যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, তাৎক্ষণিক অভিযানের প্রস্তুতি এবং অপরাধ দমনে দ্রুত পদক্ষেপ গ্রহণের সক্ষমতা প্রদর্শন করেন।

বিশেষ করে ঈদকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করা, চুরি-ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং কোরবানির পশুর হাটে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন ও রাত্রীকালীন টহল জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এ বিষয়ে কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার সালমান নূরে আলম বলেন, “পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে কানাইঘাট থানা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। জনগণের সহযোগিতায় আমরা একটি শান্তিপূর্ণ ও নিরাপদ ঈদ উপহার দিতে চাই।”

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, “ঈদকে সামনে রেখে চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সার্বক্ষণিক মাঠে কাজ করছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে। অপরাধের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও বলেন, কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা চোখে পড়লে দ্রুত থানায় যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এদিকে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ। তাদের মতে, পুলিশের নিয়মিত মবিলাইজেশন মহড়া, টহল ও নজরদারি বৃদ্ধির ফলে অপরাধ প্রবণতা কমবে এবং সাধারণ মানুষের নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।

শেষে কানাইঘাট থানা পুলিশের পক্ষ থেকে সকলকে আইন মেনে চলা, গুজবে কান না দেওয়া এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে দ্রুত পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়