Saturday, September 12

কানাইঘাটে প্রাক্তনদের পদচারণায় মুখর জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা

কানাইঘাটে প্রাক্তনদের পদচারণায় মুখর জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা


নিজস্ব প্রতিবেদক:

জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা, তালবাড়ীর প্রাক্তন ছাত্র ও শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১২ সেপ্টেম্বর) প্রাক্তন ছাত্র পরিষদের আয়োজনে মাদ্রাসার হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে এসে বিভিন্ন সময়ে মাদ্রাসায় অধ্যয়ন ও শিক্ষকতা করা প্রাক্তন ছাত্র-শিক্ষকরা একত্রিত হন। স্মৃতিচারণ, মতবিনিময় ও আনন্দঘন আড্ডায় দিনটি পরিণত হয় প্রাণবন্ত মিলনমেলায়। প্রাক্তনদের পদচারণায় মুখর হয়ে ওঠে মাদ্রাসার পুরো প্রাঙ্গণ। 

বাংলাদেশ ব্যাংকের পরিচালক জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সরকারি শিক্ষক ও প্রাক্তন ছাত্র মো. কুতুব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র হাফিজ রুম্মান আহমদ। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরীফ আহমদ। পুনর্মিলনী ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের সহকারী সেক্রেটারি মাহমুদুর রাহমান দিলওয়ার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল একেএম হেলাল আহমদ চৌধুরী, মাওলানা সাইফুল আলম, মাওলানা মাশুক আহমদ, মাওলানা কামাল উদ্দিন, সাংবাদিক এহসানুল হক জসীম, কবি সরওয়ার ফারুকী। এসময় মাদ্রাসার প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নাজমুস সাকিব,মুসলেহ উদ্দিন,এডভোকেট আবু সাদিক,মতিউর রহমান,ফয়েজ উদ্দিন সহ মাদ্রাসার সাবেক শিক্ষক এবং বিপুলসংখ্যক প্রাক্তন ছাত্র। 

বক্তারা মাদ্রাসার গৌরবময় ইতিহাস এবং শিক্ষা ও দ্বীনি খেদমতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে জ্ঞানচর্চা, নৈতিক শিক্ষা ও দ্বীনি খেদমতের মাধ্যমে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। মাদ্রাসার উন্নয়ন ও অগ্রগতির ধারা আরও বেগবান করতে প্রাক্তন ছাত্রদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-শিক্ষকরা নিজেদের শিক্ষাজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। দীর্ঘদিন পর সহপাঠী, শিক্ষক ও প্রিয়জনদের সঙ্গে দেখা হওয়ায় অনেকের মধ্যে দেখা যায় আবেগঘন পরিবেশ। পুরোনো স্মৃতিচারণ আর পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পুনর্মিলনী হয়ে ওঠে অত্যন্ত আনন্দমুখর।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সাবেক সংসদ সদস্য মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবাই অংশ নেন।

Friday, September 11

কানাইঘাটে মাস্টার নুরুল হোসেইন শিক্ষা ট্রাস্টের মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

কানাইঘাটে মাস্টার নুরুল হোসেইন শিক্ষা ট্রাস্টের মেধাবৃত্তির পুরস্কার বিতরণ


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাটে মাস্টার নুরুল হোসেইন শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ৫ম মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দক্ষিণ লক্ষীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। মাস্টার নুরুল হোসেইন শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান মাস্টার নুরুল হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন ট্রাস্টের সদস্য সচিব মাহবুব আলম বাবুল ও যুবনেতা ডালিম আহমদ। অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও সম্মাননা সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ প্রফেসর এম. ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়চতুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসলাম উদ্দিন, কবি ও কলামিস্ট মিলন কান্তি দাস এবং মোহনা সাহিত্য সংসদের সভাপতি শিপুল আমিন চৌধুরী,ট্রাস্টের উপদেষ্টা কবির হোসেন, চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম,সিলেট মহানগর ফুলকুড়ি আসরের সভাপতি আব্দুস সবুর,শিক্ষক শামিম আহমদ, আবুল কালাম,স্কুল ম্যানেজিং কমিটির সহ সভাপতি সাইদুর রহমান, রণজিত রাম দাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুস্তাকিম আল রাফি। 

বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাস্টার নুরুল হোসেইন শিক্ষা ট্রাস্টের এ মহতী উদ্যোগের প্রশংসা করে অতিথিবৃন্দ ট্রাস্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।