নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) কানাইঘাট উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কানাইঘাট পৌর শহরে এসে জড়ো হন।
পরে বিকেল ৪টার দিকে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কানাইঘাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজার পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সঞ্চালনা করেন জেলা যুবদল নেতা ও কানাইঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আর এ বাবলু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ উদ্দিন সাজু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ, যুগ্ম আহ্বায়ক দেলওয়ার ইসমাইল, সিলেট জেলা যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, সেলিম রনি ও গিয়াস উদ্দিন, কানাইঘাট পৌর যুবদলের আহ্বায়ক মামুন রশিদ মামুন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমদ বাদল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে সাজ উদ্দিন সাজু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার ও জনগণের ন্যায্য দাবি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, যুবসমাজ দেশের অন্যতম চালিকাশক্তি। দেশ ও জাতির কল্যাণে যুবকদের ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়