Saturday, July 18

কানাইঘাটে আবুল কাহের শামীম: বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই


নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও  সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী। মহান মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে ওঠা বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। তিনি অভিযোগ করেন, স্বাধীনতার পর আওয়ামী লীগের কিছু নেতা সংখ্যালঘু সম্প্রদায়ের জমি-জমা ও বাড়িঘর দখল করে ধর্মীয় বিভাজনের রাজনীতি থেকে রাজনৈতিক ফায়দা লুটেছে।

তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে চান। তাই তাঁর হাতকে শক্তিশালী করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।”

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় কানাইঘাট উপজেলা পরিষদের ইউটিডিসি হলে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কানাইঘাট উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কাহের শামীম আরও বলেন, কানাইঘাটের মন্দির, গির্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকে পর্যায়ক্রমে অনুদানের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কুমার দাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রতাপ চন্দ্র দাস ও পৌর সদস্য সচিব রঞ্জু দাসের যৌথ সঞ্চালনায় প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও সিলেট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বাবু সুদীপ রঞ্জন সেন।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বাবু কল্লোল জ্যোতি বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী জসিম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আলমাছ উদ্দিন চৌধুরী, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক বাবু নারায়ণ পুরকায়স্থ মনি ও বাবু প্রভাষ দেব, জেলা যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা ও পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।  


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়