নিজস্ব প্রতিবেদক:
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রবীণ রাজনীতিবিদ অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এক শোকবার্তায় কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদসহ নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, কানাইঘাট প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্নে অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সংসদ সদস্য হিসেবে প্রেসক্লাবের উন্নয়ন ও অগ্রগতিতে অসামান্য অবদান রেখেছিলেন। প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা হিসেবে তিনি সবসময় ক্লাবের উন্নয়ন এবং কর্মরত সাংবাদিকদের সুখ-দুঃখে পাশে থেকেছেন। সাংবাদিক সমাজের প্রতি তাঁর আন্তরিকতা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার মনোভাব ছিল অনুকরণীয়।
তারা আরও বলেন, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে কানাইঘাটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর এসব অবদান কানাইঘাটবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, সর্বজন শ্রদ্ধেয় এই প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ব্যক্তিত্বের মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তারা মহান আল্লাহ রাব্বুল আল-আমিনের দরবারে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য দোয়া করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়