Friday, June 19

কানাইঘাটে পুলিশের জালে ইয়াবা কারবারি, উদ্ধার ১৫০ পিস ইয়াবা


নিজস্ব প্রতিবেদক :

কানাইঘাট থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার বড়চতুল ইউনিয়নের সরুফৌদ গ্রামের মৃত আব্দুল হকের ছেলে জসিম উদ্দিন (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে কানাইঘাট পৌরসভার রামপুর তিন রাস্তার মোড়ে শাহবাগ-কানাইঘাট সড়কে একটি চেকপোস্ট পরিচালনা করে থানা পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন থানার এসআই শৈলস চন্দ্র দাস। এসময় এএসআই আরেফিন চৌধুরীসহ পুলিশের একটি দল বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে একটি ব্যাটারিচালিত রিকশায় যাত্রীবেশে থাকা জসিম উদ্দিনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে পলিথিনে মোড়ানো ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় জসিম উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কানাইঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জসিম উদ্দিন কানাইঘাট পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “অপরাধ দমন, মাদক উদ্ধার, আসামি গ্রেফতার এবং এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, মাদকমুক্ত ও নিরাপদ কানাইঘাট গড়ে তুলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়