নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শাখার সভাপতি ভজন লাল দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অলক চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়ন।
তিনি বলেন, দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন এবং ধর্মীয় প্রতিষ্ঠানে আক্রমণের ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক। এ ধরনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, গাইবান্ধার পলাশবাড়ীতে ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ নির্মাণে বাধা প্রদান ধর্মীয় সম্প্রীতির পরিপন্থী। দেশের সকল ধর্মাবলম্বীর সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পূজা উদযাপন পরিষদের ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ। উদ্বোধন করেন সিলেট জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য দুর্গা কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মঞ্জু লাল দাস, রজত কান্তি চক্রবর্তী, পাপ্পু বহ্নি, সলিল চন্দ্র দাস, রিংকু চক্রবর্তী, জগদীশ চৌধুরী মানিক, সুবোধ চন্দ্র দাস, ডা. মানিক লাল দাস ও নিজাম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে ভজন লাল দাসকে সভাপতি ও অলক চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে ৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন সহ-সভাপতি তপন চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চন্দ্র দাস। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়