নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাটের শিক্ষা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জুমার দিনে শিক্ষার্থীদের পাঠদান করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বীরদল এন এম একাডেমির সহকারী শিক্ষক (গণিত) মুহা. আব্দুল মালেক (৩৫)।
শুক্রবার (১২ জুন) দুপুর প্রায় ১২টার দিকে বীরদল এন এম একাডেমিতে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
মৃত শিক্ষক আব্দুল মালেকের বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলায়। তবে দীর্ঘদিন ধরে শিক্ষকতার সুবাদে তিনি পরিবারসহ কানাইঘাটে বসবাস করছিলেন। একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থী, অভিভাবক ও সহকর্মীদের কাছে ছিলেন অত্যন্ত প্রিয়।
তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো শিক্ষা পরিবারে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সহকর্মীরা জানান, প্রতিদিনের মতোই তিনি শিক্ষার্থীদের পাঠদান করছিলেন। কেউ কল্পনাও করেননি, এদিনই হবে তার জীবনের শেষ কর্মদিবস।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার মাগরিবের নামাজের পর বীরদল এন.এম একাডেমি মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়