Sunday, May 31

ব্রীজের দাবিতে কাপের মানববন্ধন, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সঙ্গে দিনব্যাপী গণআড্ডা


নিজস্ব প্রতিবেদক :

নুন খাল ও আমরি খালের ওপর ব্রীজ নির্মাণ এবং কুকুবাড়ি সবজি চর রক্ষার দাবিতে মানববন্ধন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীদের সঙ্গে দিনব্যাপী গণআড্ডা কর্মসূচি পালন করেছে কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ)।

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ও ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের মধ্যবর্তী নুন খালের তীরে আয়োজিত মানববন্ধনে কাপের নেতৃবৃন্দের পাশাপাশি স্থানীয় বিপুলসংখ্যক জনসাধারণ অংশগ্রহণ করেন।

কাপের চেয়ারম্যান কবি সরওয়ার ফারকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ও পিএইচডি গবেষক এহসানুল হক জসীম, ইউপি সদস্য আলতাফ হুসেন, ময়নুল ইসলাম, ছাত্র মজলিস নেতা হুমায়ুন রশীদ, কাপের সহ-সভাপতি আব্দুল কাদির ফারুক, ভাইস চেয়ারম্যান প্রাবন্ধিক শামসীর হারুনুর রশীদ,প্রকৃতি ও পরিবেশবিষয়ক সম্পাদক শাহজাহান শাহেদ, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইউসুফ, লক্ষীপ্রসাদ এডুকেশন ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি নুরুল আমিন, মাহবুবুল আলম বাবুল, জসিম উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদে সমৃদ্ধ মুলাগুল ও লোভাছড়া এলাকা সম্ভাবনাময় জনপদ হলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় ব্রীজের অভাবে এলাকাবাসী চরম যোগাযোগ দুর্ভোগে ভুগছেন। নুন খাল ও আমরি খালের ওপর ব্রীজ নির্মাণ করা হলে স্থানীয়দের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সৃষ্টি হবে। একই সঙ্গে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে পারবে।

মানববন্ধন থেকে অবিলম্বে উক্ত দুই স্থানে ব্রীজ নির্মাণের জোরালো দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে কাপের সদস্যরা কানাইঘাটের মঙ্গলপুর আলুবাড়ি এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগোষ্ঠীর সঙ্গে দিনব্যাপী গণআড্ডায় অংশ নেন।

গণআড্ডা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইয়াহিয়ার সভাপতিত্বে এবং কাপের নৃতত্ত্ববিষয়ক সম্পাদক পিযুষ রেমার সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে কাপের সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির দুর্যোগ ও ত্রাণ সম্পাদক  আবুল মনসুর সাজু চৌধুরী, সমাজকর্মী আহমদ সালেহ বিন মালিক সহ  শিক্ষক, ইমাম, পুলিশ কর্মকর্তা, ব্যাংকার, সাংবাদিক, জনপ্রতিনিধি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি ও কানাইঘাটের সুধীসমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।

গণআড্ডায় গারো সম্প্রদায়ের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অতিথিদের মুগ্ধ করে। পাশাপাশি গল্প, আলোচনা ও মতবিনিময়ের ফাঁকে উঠে আসে ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের জীবনসংগ্রাম, দুঃখ-দুর্দশা, বঞ্চনা ও নানা বাস্তবতার চিত্র। তাদের দীর্ঘদিনের সমস্যা, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা গভীর মনোযোগ দিয়ে শোনেন এবং তা নোট করেন কানাইঘাট উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়