Saturday, November 28

কানাইঘাটে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আ'গু'ন দেওয়ার চেষ্টা


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে নৈশপ্রহরী ও স্থানীয় লোকজনের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ব্যাংক কার্যালয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কার্যালয়েরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে কানাইঘাট উপজেলা রোডে অবস্থিত গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে থাকা সাইনবোর্ডে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ ছাড়া দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের কার্যালয়ের প্রবেশগেটেও পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায় তারা।

এ সময় উপজেলা রোডের দায়িত্বে থাকা নৈশপ্রহরী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে আশপাশের পথচারীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের তৎপরতায় সাইনবোর্ডে লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। ফলে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা থেকে রক্ষা পায় ব্যাংক কার্যালয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী বলেন, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংকের বাইরে থাকা সাইনবোর্ডে অগ্নিসংযোগের চেষ্টা করেছিল। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়