নিজস্ব প্রতিবেদক :
‘কষ্ট যতই বড় হোক, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়।’ ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আশার কথাই লিখেছিলেন সুলতান আহমদ। প্রতিটি ইনজেকশন, কেমোথেরাপি আর রিপোর্টের অপেক্ষায় কাটত তাঁর দিন। শরীরের অসহ্য যন্ত্রণার পাশাপাশি পরিবারের মানুষের কষ্ট তাঁকে আরও বেশি ব্যথিত করত। তবুও হাল ছাড়েননি। আল্লাহর ওপর ভরসা রেখে চালিয়ে গেছেন বেঁচে থাকার লড়াই। কিন্তু শেষ পর্যন্ত সেই লড়াই থেমে গেল। আজ তিনি আর নেই।(ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)
সিলেটের কানাইঘাট উপজেলার সাঁতবাক ইউনিয়নের চরিপাড়া (ক্বারীপাড়া) গ্রামের বাসিন্দা সুলতান আহমদের বয়স ছিল আনুমানিক ২৮ বছর। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি। অবশেষে মৃত্যুর কাছে হার মেনে পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো এই তরুণকে।
গত ১১ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতা, চিকিৎসার কষ্ট এবং পরিবারের সংগ্রাম নিয়ে একটি আবেগঘন লেখা প্রকাশ করেছিলেন সুলতান। সেই লেখায় উঠে এসেছিল ক্যান্সার চিকিৎসার নির্মম বাস্তবতা।
তিনি লিখেছিলেন, ক্যান্সার চিকিৎসায় সহজ বলে কোনো শব্দ নেই। প্রতিটি দিনই যেন একেকটি যুদ্ধ। প্রতিটি ইনজেকশন, প্রতিটি কেমোথেরাপি, প্রতিটি রিপোর্টের সঙ্গে জড়িয়ে থাকে কষ্ট আর ভয়। শরীরের ব্যথার চেয়েও বেশি কষ্ট হয় যখন দেখতে হয়, নিজের চিকিৎসার জন্য পরিবারের মানুষগুলো কতটা কষ্ট করছেন।
টাকার চিন্তা, পরিবারের মানুষের ঘুমহীন রাত আর চোখের পানি-সব মিলিয়ে কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি।
মানুষ বাইরে থেকে সাহস দিয়ে বলত, ‘সব ঠিক হয়ে যাবে, টেনশন করো না।’ কিন্তু এই রোগের ভেতর দিয়ে যিনি যান, তিনিই জানেন পথটি কতটা কঠিন, কতটা দীর্ঘ।
এরপরও সুলতান লিখেছিলেন, ‘তবুও হাল ছাড়ি নাই। আল্লাহর উপর ভরসা করে এখনো লড়ে যাচ্ছি। কারণ, কষ্ট যতই বড় হোক, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়।’
১১ নভেম্বরের সেই আশাবাদী লেখাটি আজ যেন এক বেদনাবিধুর স্মৃতি। যে তরুণ প্রতিকূলতার মধ্যেও বেঁচে থাকার স্বপ্ন দেখেছিলেন, আজ তিনি নিজেই পরপারে পাড়ি জমিয়েছেন।
সুলতানের এই চলে যাওয়া শুধু একটি পরিবারের জন্য নয়, তাঁর স্বজন, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের জন্যও গভীর শোকের। তাঁর রেখে যাওয়া কথাগুলো আবারও মনে করিয়ে দেয়, ক্যান্সার শুধু একজন মানুষের শরীরকে আক্রান্ত করে না; এর প্রভাব ছড়িয়ে পড়ে পুরো পরিবারে। চিকিৎসার ব্যয়, মানসিক চাপ, অনিশ্চয়তা আর প্রিয়জনকে হারানোর ভয়-সব মিলিয়ে পরিবারগুলোকে প্রতিনিয়ত কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। সুলতান আহমদ চরিপাড়া (ক্বারীপাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়