Thursday, November 26

কানাইঘাটে নিখোঁজের ৫ ঘণ্টা পর সুরমা নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর ফয়জুল হক (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় নদীতে জাল ফেলে খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে কানাইঘাট পৌরসভার পানি শোধনাগার প্রকল্পের সামনে সুরমা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করেন ফয়জুল হক। এ সময় নদীর পানিতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হন।

নিহত ফয়জুল হকের বাড়ি কানাইঘাট উপজেলার ২ নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের আমবাড়ী গ্রামে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ২ নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়