Thursday, November 26

কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদক :

‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রাণ কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাকিল মোহাম্মদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন। এছাড়া খামারিদের পক্ষে বক্তব্য দেন মাহবুব আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ক্রমেই স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। শিক্ষিত তরুণ ও যুবকদের শুধু চাকরির পেছনে না ছুটে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজ নিজ এলাকায় গবাদিপশুর খামার গড়ে তোলার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, কানাইঘাট একটি কৃষিনির্ভর এলাকা। এখানে পরিকল্পিতভাবে গবাদিপশুর খামার গড়ে তুলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রাণ কৃষ্ণ হাওলাদার বলেন, প্রাণিসম্পদ খাতে কানাইঘাট ক্রমেই এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার গবাদিপশু পালন ও খামারিদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যার সুফল স্থানীয় খামারিরা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শুক্রবার ও শনিবার উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গবাদিপশুর জন্য বিশেষ চিকিৎসাসেবা প্রদান করা হবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়