এহসানুল হক জসীম :
সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধে ২৭৩ কোটি টাকা ব্যয়ে নদীতীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। দুই উপজেলার ঝুঁকিপূর্ণ ১৭টি স্থানে প্রায় ৫.১৭৫ কিলোমিটার নদীতীর সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে নদীভাঙনের কবল থেকে এসব এলাকার গুরুত্বপূর্ণ জনপদ রক্ষা পাবে বলে আশা করছে সরকার।
জাতীয় সংসদের ৩২২ নং আসনের এমপি শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে সংসদে এমন জবাব দেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত এমপি শাম্মী আক্তারের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদের বৈঠকে নির্ধারিত প্রশ্ন ও উত্তর পর্বে এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপিত হয়। প্রশ্নোত্তর উত্থাপিত হয়েছে মর্মে গৃহিত হয়।
সংসদে শাম্মী আক্তার জানতে চান, সিলেটের কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় নদীভাঙনের কারণে বাংলাদেশের মানচিত্র সংকুচিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসব এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণে সরকার দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করবে কি না।
জবাবে পানিসম্পদমন্ত্রী জানান, জকিগঞ্জ উপজেলা ভারতের সঙ্গে প্রায় ৬৬ কিলোমিটার সীমান্তবর্তী একটি উপজেলা। সীমান্তবর্তী এই অঞ্চলের ঝুঁকিপূর্ণ স্থানগুলো রক্ষায় একটি সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। সমীক্ষায় ঝুঁকিপূর্ণ স্থানগুলো রক্ষায় প্রস্তাবসহ তিনটি পর্যায়ে বাস্তবায়নের সুপারিশ করা হয়।
এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ ও কানাইঘাটে নদীভাঙনের ফলে বাংলাদেশের মানচিত্র সংকুচিত হওয়া রোধ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নদীতীর সংরক্ষণের জন্য ‘সুরমা-কুশিয়ারা অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি ব্যবস্থাপনা’ প্রকল্প চলমান রয়েছে।
মন্ত্রী জানান, প্রকল্পের আওতায় জকিগঞ্জ উপজেলায় ১৩টি এবং কানাইঘাট উপজেলায় চারটি ঝুঁকিপূর্ণ স্থানে প্রায় ২৭৩ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৫.১৭৫ কিলোমিটার নদীতীর সংরক্ষণকাজ বাস্তবায়ন করা হবে। বর্তমানে প্রকল্পের বিভিন্ন কাজের অংশ হিসেবে জকিগঞ্জ উপজেলার ১০টি স্থানে মোবিলাইজেশন কার্যক্রম চলমান রয়েছে।
পানিসম্পদমন্ত্রী আরও জানান, ধারাবাহিকভাবে প্রকল্পটির দ্বিতীয় ও তৃতীয় পর্যায় বাস্তবায়ন করা হবে। পুরো প্রকল্প বাস্তবায়িত হলে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার ঝুঁকিপূর্ণ স্থানগুলো নদীভাঙনের কবল থেকে রক্ষা পাবে বলে আশা করা যায়।
উল্লেখ্য, সুরমা ও কুশিয়ারা নদীর অব্যাহত ভাঙনে কানাইঘাট ও জকিগঞ্জের বিভিন্ন এলাকায় বসতভিটা, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জনপদে নদীভাঙন শুধু স্থানীয় মানুষের জীবন-জীবিকা ও সম্পদের ক্ষতিই করছে না, বরং দেশের ভূখণ্ডের সীমানা নিয়েও উদ্বেগ তৈরি করছে। সংসদে উত্থাপিত প্রশ্নের জবাবে সরকারের এই প্রকল্পের অগ্রগতি ও পরবর্তী পর্যায় বাস্তবায়নের পরিকল্পনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়