Sunday, October 11

কানাইঘাটে হেলথ কার্ডের নামে প্রতারণা, দুই ব্যক্তি গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাটে হেলথ কার্ড ও ভুয়া চুক্তিনামার মাধ্যমে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়নের চতুল বাজারে হাজী ফখরুল ইসলামের মার্কেট থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা গ্রামের আব্দুল মুকিতের ছেলে মোহাম্মদ নোমান মিয়া (২৭) এবং বরিশালের উজিরপুর উপজেলার যুগিহাটি গ্রামের আবুল কালাম হাওলাদারের ছেলে আব্দুল আহাদ হাওলাদার (৩১)। 

পুলিশের অভিযোগ, গ্রেপ্তার ব্যক্তিরা তাঁদের সহযোগীদের নিয়ে কানাইঘাটের বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ও ডায়াগনস্টিক সেন্টারের নাম ব্যবহার করে হেলথ কার্ড ও লিফলেট বিতরণ করতেন। পাশাপাশি ‘নিরাময় এক্সপ্রেস’ নাম ব্যবহার করে ভুয়া চুক্তিনামা তৈরি করে গোল্ড ও সিলভার মেম্বারশিপ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করতেন। এ ছাড়া বিভিন্ন বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানের নামে ভুয়া চুক্তিনামা তৈরি করে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। 

এ ঘটনায় কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুই আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়। এদিকে, হেলথ কার্ডের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। কোনো প্রতিষ্ঠান বা স্বাস্থ্যসেবা কার্ডের সদস্যপদ গ্রহণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়