নিজস্ব প্রতিবেদক :
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিরা অংশ নেন। র্যালি শেষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শামছুন্নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কন্যাশিশুর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং সমাজে তাদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে আরও সচেতন হতে হবে। সামাজিক অবক্ষয়ের কারণে কন্যাশিশুরা নানা ধরনের নির্যাতন ও যৌন হয়রানির শিকার হচ্ছে। সম্মিলিত সচেতনতা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, কন্যাশিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও শিশুদের প্রতি সব ধরনের নিপীড়ন প্রতিরোধে তিনি উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতা নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. স্বপ্নীল সৌরভ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, বিএনপি নেতা রুহুল আমিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়