Sunday, August 16

কানাইঘাটে মাদক কারবারির বাড়িতে পুলিশের হানা, ইয়াবাসহ ৩ লাখ টাকা উদ্ধার


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাটে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কথিত মাদক ব্যবসায়ী শরীফ উদ্দিন পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারানপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে কানাইঘাট থানা পুলিশের একটি দল।

পুলিশ সূত্রে জানা যায়, নারাইনপুর গ্রামের তাহের আলীর ছেলে শরীফ উদ্দিনকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বসতঘরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শরীফ উদ্দিন কৌশলে পালিয়ে যান। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

এ ঘটনায় শরীফ উদ্দিনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, শরীফ উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি ভারত থেকে অবৈধভাবে মাদক এনে সহযোগীদের মাধ্যমে স্থানীয় এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছেন বলে অভিযোগ রয়েছে।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, শরীফ উদ্দিনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি কানাইঘাট উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়