Sunday, August 16

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: কানাইঘাটে দুই ফার্মেসিকে জরিমানা করলেন ইউএনও


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া ফেরদৌস।

রোববার (১৬ আগস্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দি আজাদ ফার্মেসীকে ২০ হাজার টাকা এবং হলি হেলথ নামক ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে ইউএনও সুমাইয়া ফেরদৌস জানান, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম তদারকিতে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারি রয়েছে। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার একই আইনে ‘মাদার কেয়ার’ নামক একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেন।

উপজেলার বিভিন্ন ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ এবং ভোক্তাদের নিরাপদ ওষুধ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়