Tuesday, July 14

কানাইঘাটে সবজি বাগানের নামে সরকারি রাস্তা দখল, বিপাকে কৃষক-জনসাধারণ


নিজস্ব প্রতিবেদক:

কানাইঘাট সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে সরকারি কাঁচা রাস্তা দখল করে সবজি বাগান ও বাঁশের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে। এতে উমাগড় পশ্চিম গ্রামসহ আশপাশ এলাকার সাধারণ মানুষের চলাচল এবং কৃষকদের কৃষিকাজে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাজী বুরহান উদ্দিন সড়ক থেকে উমাগড় পশ্চিমমুখী সরকারি কাঁচা রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের যাতায়াতের অন্যতম মাধ্যম। উমাগড় গ্রাম হয়ে হাওড় পর্যন্ত বিস্তৃত এ সড়কটি প্রায় এক যুগ আগে সরকারি অর্থায়নে নির্মাণ করা হয়। পরবর্তীতে জনসাধারণের চলাচলের সুবিধার্থে বুরহান উদ্দিন সড়কের কিছু অংশ ইউনিয়ন পরিষদের অর্থায়নে ইট সলিং করা হয়।

এলাকাবাসীর অভিযোগ, সরকারি গোপাটের ওপর নির্মিত এ রাস্তার দুই পাশে কয়েক বছর ধরে প্রভাবশালী কিছু ব্যক্তি বাঁশের বেড়া দিয়ে সবজি বাগান তৈরি করে ধীরে ধীরে রাস্তা দখলে নিয়েছেন। প্রায় ৩৫ থেকে ৪০ ফুট প্রশস্ত গোপাটের জায়গায় বর্তমানে মাত্র ২০ ফুটের মতো অংশ চলাচলের জন্য রাখা হয়েছে বলে জানান স্থানীয়রা। এ কারণে হাওড় এলাকার খাসের বন্দ নামের বিশাল ফসলি মাঠে কৃষকরা হালের ট্রাক্টর, যান্ত্রিক কৃষি যন্ত্রপাতি কিংবা গরু-মহিষ নিয়ে যাতায়াতে বাধার মুখে পড়ছেন। সাধারণ মানুষের চলাচলেও সৃষ্টি হয়েছে ভোগান্তি।

রাস্তা দখলমুক্ত করার দাবিতে সম্প্রতি স্থানীয় বাসিন্দারা গণস্বাক্ষর সংবলিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর জমা দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসর উদ্দিন আহমদ চৌধুরীকে অবৈধ দখল উচ্ছেদ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সোমবার (১৩ জুলাই) সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, সরকারি রাস্তা দখলমুক্ত করে আগের অবস্থায় ফিরিয়ে না দিলে কৃষকসহ সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটি দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়