Tuesday, July 28

কানাইঘাটে ইসলামী ব্যাংকের রেমিট্যান্স গ্রাহক সমাবেশ, বৈধপথে অর্থ পাঠানোর আহ্বান


নিজস্ব প্রতিবেদক:

প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানানো হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কানাইঘাট শাখার আয়োজিত রেমিট্যান্স গ্রাহক সমাবেশে।

মঙ্গলবার (২৮ জুলাই) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কানাইঘাট শাখায় অনুষ্ঠিত এ বিশেষ সমাবেশে স্থানীয় ব্যবসায়ী, প্রবাসী, রেমিট্যান্স গ্রাহক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ দেলোয়ার হুসেন।

শাখা ব্যবস্থাপক কায়সার আহমেদের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল অফিসার শাহীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য দেন অপারেশন ব্যবস্থাপক গোলাম মোস্তফা রাশেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী মুহিবুর রহমান মনির, হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. মঈনুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত রেমিট্যান্স গ্রাহক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক কায়সার আহমেদ বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অনস্বীকার্য। তিনি বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্স পাঠানোর বিভিন্ন সুবিধা তুলে ধরেন এবং হুন্ডিসহ অবৈধ পদ্ধতি পরিহার করে ব্যাংকের মাধ্যমে অর্থ প্রেরণের জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি রেমিট্যান্স প্রেরণকারী ও গ্রাহকদের জন্য ইসলামী ব্যাংকের বিভিন্ন আধুনিক সেবা ও বিশেষ সুবিধার বিষয়েও তিনি বিস্তারিত তুলে ধরেন।

সমাবেশে উপস্থিত রেমিট্যান্স গ্রাহকরাও ইসলামী ব্যাংকের সেবা সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি  কানাইঘাট শাখা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক সংসদ সদস্য মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনা এবং সম্প্রতি প্রবাসে মৃত্যুবরণকারী কানাইঘাট উপজেলার ছয় রেমিট্যান্সযোদ্ধার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়