Tuesday, July 28

ধনমাইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফের হাফিজ আহমদ সুজন


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাট উপজেলার ১১৫নং ধনমাইরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত রোববার দুপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক শ্যামল সিলেট-এর কানাইঘাট প্রতিনিধি, কানাইঘাট প্রেসক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক  হাফিজ আহমদ সুজন দ্বিতীয়বারের মতো বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন।

একই সভায় অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী আব্দুল মান্নান ময়না সহ-সভাপতি নির্বাচিত হন। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিম উদ্দিন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শিক্ষক প্রতিনিধি রেদয়ানুল ইসলাম (জুলাই আদর্শ উচ্চ বিদ্যালয়), শিক্ষক প্রতিনিধি আব্দুস সালাম, শিক্ষানুরাগী সদস্য তাসনিম জাহান, জমিদাতা সদস্য হাফিজ আমির উদ্দিন, ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কালাম চৌধুরী, অভিভাবক সদস্য (পুরুষ) তাজ উদ্দিন ও আব্দুল মানিক, এবং নারী অভিভাবক সদস্য লাকি বেগম ও খাদিজা বেগম।

সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় হাফিজ আহমদ সুজন বলেন, “বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করে যেতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করছি।”

নবগঠিত কমিটিকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও সচেতন মহল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের প্রত্যাশা, নতুন কমিটির দক্ষ, সৎ ও দূরদর্শী নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার গুণগত মান, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়