Monday, June 29

কানাইঘাটে বন্ধুর স্ক্রু ড্রাইভারের আঘাতে অপর বন্ধুর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই বন্ধুর কথা কাটাকাটির একপর্যায়ে স্ক্রু ড্রাইভারের আঘাতে আহত আহাদ আহমদ (১৫) নামে এক কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। রবিবার (২৮ জুন) সন্ধ্যা প্রায় ৭টার দিকে উপজেলা রোডের একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে। সোমবার সকালে সিলেটের ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলা রোডে তাজুল ইসলামের মালিকানাধীন একটি ওয়ার্কশপে কর্মচারী হিসেবে কাজ করতো আহাদ। ঘটনার সময় সেখানে তার বন্ধু পৌরসভার রায়গড় গ্রামের এনাম ভান্ডারীর ছেলে সায়েম আহমদ (১৫) আসে। একপর্যায়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, উত্তেজিত হয়ে সায়েম ওয়ার্কশপে থাকা একটি স্ক্রু ড্রাইভার দিয়ে আহাদকে আঘাত করে। এতে আহাদ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে ওয়ার্কশপে উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটের ওসমানী হাসপাতালে রেফার করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

নিহত আহাদ আহমদের বাড়ি কোথায় তা জানা যায়নি,তবে ইউএনও অফিসের পাশে একটি ভাড়া বাসায় সে তার নানার সাথে থাকতো বলে জানা গেছে। স্থানীয়রা জানান, নিহত আহাদ ও অভিযুক্ত সায়েম পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সংবাদ লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি। তবে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, ঘটনার আগে দুই বন্ধুর মধ্যে কথা কাটাকাটির একটি সিসিটিভি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়