নিজস্ব প্রতিবেদক:
কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এবং মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, বিদেশের মাটিতে একসঙ্গে পাঁচজন বাংলাদেশি প্রবাসীর করুণ মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও বেদনাদায়ক। এই দুর্ঘটনায় নিহতদের স্বজনদের জীবনে যে অপূরণীয় ক্ষতি ও শোক নেমে এসেছে, তা ভাষায় প্রকাশের ঊর্ধ্বে।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। জীবিকার তাগিদে পরিবার-পরিজন ছেড়ে বিদেশে কর্মরত এসব প্রবাসীর মৃত্যু শুধু তাদের পরিবারের জন্য নয়, পুরো জাতির জন্যই গভীর বেদনার বিষয়।
জমিয়ত সভাপতি বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রতি নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান তিনি।
শোকবার্তার শেষাংশে তিনি মহান আল্লাহ তাআলার দরবারে নিহতদের মাগফিরাত, শহীদের মর্যাদা, কবরের প্রশস্ততা এবং শোকাহত পরিবারগুলোর জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়