Thursday, June 25

টরন্টোয় জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা সম্পন্ন


কানাডা প্রতিনিধি:

দীর্ঘ প্রতীক্ষা, নির্বাচনী উত্তেজনা এবং নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে অনুষ্ঠিত হয়েছে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নবনির্বাচিত কমিটির প্রথম সাধারণ সভা। গত সোমবার (২২ জুন) টরন্টোর ড্যানফোর্থ এলাকার একটি স্থানীয় রেস্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ জালালাবাদ অ্যাসোসিয়েশনের গৌরবময় ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে অতীতের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে এবং পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে সদ্য বিদায়ী সভাপতি মাহবুব চৌধুরী রনি বলেন, “ব্যক্তিগত কিংবা নির্বাচনী মতপার্থক্য কখনো সংগঠনের স্বার্থের ঊর্ধ্বে হতে পারে না। জালালাবাদ অ্যাসোসিয়েশন আমাদের সবার প্রাণের সংগঠন। এর উন্নয়ন ও অগ্রযাত্রায় অতীতের মতো ভবিষ্যতেও আমরা সবসময় পাশে থাকব।”

নবনির্বাচিত সভাপতি এবাদ চৌধুরী সকলের সহযোগিতা কামনা করে বলেন, “নির্বাচন একটি সাময়িক প্রক্রিয়া, কিন্তু সংগঠনের উন্নয়ন একটি চলমান যাত্রা। আমরা কোনো বিভাজনে বিশ্বাস করি না। সবার পরামর্শ ও সহযোগিতায় জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল, শক্তিশালী এবং জবাবদিহিমূলক সংগঠনে পরিণত করতে আমরা বদ্ধপরিকর।”

সংগঠনের সাবেক সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে এবং বর্তমান সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সাবেক সভাপতি সাদ চৌধুরী বলেন, “আজকের এই মিলনমেলা আমাদের সংগঠনের শক্তি ও সৌন্দর্যের প্রতিচ্ছবি। এখানে উপস্থিত সবাই কোনো না কোনো সময় সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। জ্যেষ্ঠ ও নবীন নেতৃত্বের এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ।”

সভায় বক্তারা বিগত নির্বাচন কমিশনের কিছু কর্মকাণ্ড ও সীমাবদ্ধতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ভবিষ্যতে আরও নিরপেক্ষ, দক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের জন্য নতুন কমিটির প্রতি আহ্বান জানান তারা। একই সঙ্গে নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কমিউনিটির সদস্যদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক উন্নয়ন এবং কমিউনিটির কল্যাণে বিভিন্ন কর্মসূচি নিয়ে বক্তব্য দেন সাবেক সভাপতি আব্দুল আহাদ খন্দকার, মিজানুর রহমান চৌধুরী, দেবব্রত দে তমাল, সাবেক সাধারণ সম্পাদক সুদীপ সোম রিংকু, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সভাপতি মেহেদী মারুফ, সহ-সভাপতি তাহমিনা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মনসুর আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৭ মে ২০২৬ অনুষ্ঠিত জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টোর নির্বাচনে এবাদ চৌধুরী সভাপতি, রাসেল আহমেদ সাধারণ সম্পাদক এবং মেহেদী মারুফ নির্বাহী সভাপতিসহ ২৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়