নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে বসবাসরত সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাসিন্দাদের ঐতিহ্যবাহী সংগঠন ‘কানাইঘাট সমিতি, ঢাকা’-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম), গুণীজন সংবর্ধনা এবং নতুন কমিটি গঠন অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন ২০২৬) কারওয়ান বাজারস্থ জালালাবাদ ভবনের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কানাইঘাট সমিতি, ঢাকার সভাপতি ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো. খয়রুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান এবং সিলেট-৫ আসনের উন্নয়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কানাইঘাট অ্যাসোসিয়েশন ইউকে’-কে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, সমাজসেবা, প্রশাসন ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য কানাইঘাটের ১০ জন কৃতী সন্তানকে সম্মাননা স্মারক ও গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।
এজিএমের দ্বিতীয় পর্বে সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের সাবেক ডিজিএম সফিউল আলম বাবুল সভাপতি, জাতীয় নাক, কান ও গলা ইনস্টিটিউটের অধ্যাপক ডা. কাজী শাহ আলম সাধারণ সম্পাদক এবং ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল আহমেদ এমবিএ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
নবগঠিত ২৮ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ কানাইঘাটবাসীর ঐক্য, উন্নয়ন ও সামাজিক কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানটি কানাইঘাটবাসীর মিলনমেলায় পরিণত হয় এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়