Friday, June 12

কানাইঘাটে পুকুরে ডুবে একসঙ্গে ঝরল দুই নিষ্পাপ প্রাণ


নিজস্ব প্রতিবেদক : 

সিলেটের কানাইঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলো নিজ চাউরা পশ্চিম গ্রামের আলী আহমদের চার বছর বয়সী কন্যা আনিসা বেগম এবং তার ভাগ্নি, পাঁচ বছর বয়সী ফারিয়া বেগম।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলতে গিয়ে একপর্যায়ে শিশু দুটি নিখোঁজ হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বসতবাড়ির পুকুরে তল্লাশি চালিয়ে শিশু দুটিকে উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে তাদের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

পরে শিশু দুটির মরদেহ থানায় নেওয়া হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, ফারিয়া বেগমের বাবার বাড়ি পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার দাসেরগ্রামে। তিনি ওই গ্রামের সাদিক আহমদের মেয়ে। ফারিয়া মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসে এই দুর্ঘটনার শিকার হয়।

একই পরিবারের দুই শিশুর এমন অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়