নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলায় কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি ও সামাজিক অবক্ষয় রোধে পরিচালিত কিশোর-কিশোরী ক্লাবগুলোর কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প”-এর আওতায় বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সামছুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় জানানো হয়, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের তত্ত্বাবধানে বর্তমানে কানাইঘাট উপজেলায় ১০টি কিশোর-কিশোরী ক্লাব কার্যক্রম পরিচালনা করছে। এসব ক্লাবে প্রতি শুক্র ও শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে জীবনদক্ষতামূলক প্রশিক্ষণ, সচেতনতামূলক সেশন এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়।
ক্লাবগুলোর মাধ্যমে বাল্যবিবাহ, যৌতুক, তালাক, বহুবিবাহ, মাদকাসক্তি, জঙ্গিবাদ, যৌন হয়রানি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া প্রতিটি ক্লাবে একজন সংগীত শিক্ষক ও একজন আবৃত্তি শিক্ষক রয়েছেন, যাদের মাধ্যমে সদস্যদের সাংস্কৃতিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার বলেন, “বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়ের কারণে বিশেষ করে কিশোর-কিশোরীরা নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছে। কিশোর-কিশোরী ক্লাবের কার্যক্রম আরও জোরদার করা গেলে তারা সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার প্রতি আরও উৎসাহিত হবে।” তিনি ক্লাবগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় ক্লাবগুলোর কার্যক্রম আরও বেগবান করতে বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জিলানী, যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, থানার সেকেন্ড অফিসার এসআই বাবুল আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইয়িব শামীম, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী কবির আহমদসহ কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়