Thursday, November 26

মাননীয় স্পীকার, কানাইঘাট-জকিগঞ্জে আপনাকে স্বাগতম


মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম  বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পীকার। ওয়ারেন্ট ওফ প্রিসিডেন্স অনুযায়ী বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর পরেই যার প্রটোকলগত অবস্থান। 

ইতিমধ্যে সকলেরই কম বেশি জানা হয়ে গেছে যে, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম  আগামী ৩রা ডিসেম্বর কানাইঘাট জকিগঞ্জ সফরে আসছেন।

মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদের বর্ণময়, বহুমাত্রিক এবং Multidimensional জীবন বৃত্তান্ত রয়েছে। সৈনিক জীবন দিয়ে শুরু হওয়া ক্যারিয়ারে একজন স্বনামধন্য ফুটবলার হিসাবে  পাকিস্তান জাতীয় ফুটবল দলের একজন নিয়মিত সদস্য ছিলেন। সুঠাম দেহের অধিকারী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ শুধু একজন ক্রীড়াবিদ ছিলেন না, মিলিটারি একাডেমির একজন প্রশিক্ষকও ছিলেন বটে। মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম  বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন প্রবাদ প্রতীম বীরসেনানি। 

১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে The battle of Kamalpur, যেটি ১৯৭১ সালের ৩১শে জুলাই এবং The battle of Kanaighat যেটি ১৯৭১ সালের নভেম্বরে সংঘটিত হয়। এই দু'টি ঘটনা মুক্তিযুদ্ধের ইতিহাসে সোনার হরফে লিখা হয়ে থাকবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কৌশলগত কারণে  কানাইঘাট পাকিস্তানি বাহিনী ও মুক্তিবাহিনী উভয় পক্ষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল ছিলো। সীমান্তবর্তী হওয়ায় পাকিস্তানি বাহিনী কানাইঘাটে প্রথমে শক্ত অবস্থান গড়ে তুলতে সক্ষম হয়েছিল। মুক্তিবাহিনী সহসাই উপলব্ধি করতে সক্ষম হয় যে, কানাইঘাটে যদি পাকিস্তান বাহিনীর পতন ঘটানো সম্ভব হয় তবে সিলেট অঞ্চল দখল করা অধিকতর সহজ হবে। 

১৯৭১ সালের ১৫ ও ২১শে নভেম্বর সিলেটের জকিগঞ্জ ও আটগ্রাম মুক্ত হয়ে গেলে কানাইঘাট মুক্ত করাই মুক্তিবাহিনীর কাছে  সবচেয়ে প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। ২৮ নভেম্বর ভোর রাতে পাকিস্তানি বাহিনী হঠাৎ করে নিজেদের ডিফেন্সিভ পজিশন ছেড়ে প্রথম ইস্ট বেঙ্গলের উপর প্রচন্ড আক্রমণ শুরু করে। এসময় ক্যাপ্টেন মাহবুবুর রহমানের নেতৃত্বাধীন আলফা কোম্পানি চরম বির্পযয়ের সম্মুখীন হয়। বৃষ্টির মতো ছোঁড়া গোলাগুলিতে একপর্যায়ে মুক্তিযোদ্ধারা বিপর্যস্ত হয়ে পড়েন। এসময় ক্যাপ্টেন মাহবুবুর রহমান মুক্তিযোদ্ধাদের উদ্দীপ্ত করতে থাকেন এবং  মুক্তিযোদ্ধারা পাকিস্তান বাহিনীর উপর পাল্টা আক্রমণ করতে শুরু করে। কারণ পাল্টা আক্রমণ করা ছাড়া আর কোন উপায় তখন ছিলোনা। আক্রমণ, পাল্টা আক্রমণ ও তুমূল গোলাগুলির মধ্যে হঠাৎ পাকিস্তানিদের ছোঁড়া একটি সেল ক্যাপ্টেন মাহবুবুর রহমানের শরীরে লাগলে তিনি শাহাদাৎ বরণ করেন। তবে এই যুদ্ধে মুক্তিবাহিনী জয় লাভ করতে সক্ষম হয়েছিলো।

শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের স্মৃতিকে অমর করে রাখার লক্ষ্যে ১৯৯৪ সালের ৭ই মে দিনাজপুরে প্রতিষ্ঠা করা হয়েছে পার্বতী পূরের খোলাহাটি বীরউত্তম শহীদ মাহবুব সেনানিবাস। বীরউত্তম খেতাবধারী চিরকুমার শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান চিরনিদ্রায় শায়িত আছেন সিলেটের কানাইঘাট উপজেলার দিঘিরপার পূর্ব ইউনিয়নে সাতবাকঁ ঈদগাহ হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে। 

শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীরউত্তম জাতীয় সংসদের মাননীয় স্পীকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদের বিশ্বস্ত সহকর্মী ও ঘনিষ্ট বন্ধু ছিলেন। মাননীয় স্পীকারের তাৎপর্যপূর্ণ কানাইঘাট জকিগঞ্জের আসন্ন এই সফরে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমানের কবর জিয়ারত এবং স্মৃতিস্তম্ব উদ্বোধন করবেন। 

কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা একই বৃন্তে দু'টি ফুল, একই শরীরের দু'টি অপরিহার্য অঙ্গ। মাননীয় স্পীকার কানাইঘাট জকিগঞ্জ সফরকালীন সময়ে  যেহেতু জকিগঞ্জ উপজেলাকে আমার জানামতে প্রথম মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা করবেন, সেহেতু কানাইঘাটকেও একই সাথে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসেবে ঘোষণা করার দাবী জানাই। এতে করে মাননীয় স্পীকারের আসন্ন সফরটি পরিপূর্ণতা লাভ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। 

মাননীয় স্পীকার ক্যাপ্টেন শহীদ মাহবুবুর রহমানের কবর জিয়ারত যখন করবেন, তখন অতি সন্নিকটে অবস্থিত বৃহত্তর সিলেটের কৃতি সন্তান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মরহুম আবুল হারিছ চৌধুরীর কবর জিয়ারত করার বিষয়টিও মাননীয় স্পীকারের সফরসূচিতে অর্ন্তভুক্ত করার জোর দাবী জানাচ্ছি। 

মরহুম আবুল হারিছ চৌধুরী একজন বীর মুক্তিযোদ্ধা। এদেশের মাটিকে দখলদার বাহিনীর কবল থেকে মুক্ত করবার লড়াইয়ে জীবন বাজি রেখে তিনি যুদ্ধ করেছেন। গুরুত্বপূর্ণ এই বিষয়টি মাননীয় স্পীকারের সফর সূচিতে অর্ন্তভুক্ত করলে একদিকে যেমন একজন বীর মুক্তিযোদ্বার প্রতি সম্মান প্রদর্শন করা হবে, অন্যদিকে এতদঞ্চলের মানুষের আবেগের প্রতি যথার্থ ও সঠিক মূল্যায়ন হবে বলে আমি মনে করি। কারণ মরহুম আবুল হারিছ চৌধুরী এই অঞ্চলের মানুষের কাছে একটি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগের নাম।

মাননীয় স্পীকারের সাথে সফর সঙ্গী হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী থাকবেন বলে জেনেছি। কানাইঘাট এবং জকিগঞ্জ মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য দু'টি অঞ্চলের নাম, মুক্তিযুদ্ধের ইতিহাসে কানাইঘাট জকিগঞ্জের সাথে সংশ্লিষ্ট সকল ইতিহাস, ঐতিহ্য, সংরক্ষণ ও রক্ষনাবেক্ষনের জন্য সরকারি পৃষ্ঠপোষকতায় কানাইঘাট জকিগঞ্জের যেকোন জায়গায় মরহুম আবুল হারিছ চৌধুরীর নামে একটি "মুক্তিযুদ্ধ  জাদুঘর " স্থাপন করার জোর দাবী জানাচ্ছি। 

কানাইঘাট ও জকিগঞ্জে বিদ্যমান হাজারো সমস্যার কথা এখানে উল্লেখ করা অবান্তর। সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিবো কোথা। কানাইঘাট এবং জকিগঞ্জের সর্বত্র বহুবিধ সমস্যা বিরাজমান। তবে এখানে দু'তিনটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই। 

প্রথমত; কানাইঘাটের বরাক ও লোভা নদীর মোহনায় একটি ব্রিজ, আটগ্রামে সুরমা নদীর উপর একটি ব্রিজ এবং মমতাজগঞ্জ বাজারের নিকটবর্তী স্থানে সেতু নির্মাণ সময়ের গুরুত্বপূর্ণ জনদাবী। 

দ্বিতীয়ত; মাননীয় স্পীকার যেহেতু স্বয়ং নিজে একজন স্বনামধন্য ফুটবল খেলোয়াড় ছিলেন, সেহেতু কানাইঘাট এবং জকিগঞ্জে দুটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ অতীব জরুরী। বর্তমান সরকারের বিভিন্ন কর্ম পরিকল্পনায় খেলাধুলাকে অত্যন্ত অগ্রাধিকার দেয়া হচ্ছে। 

কানাইঘাট জকিগঞ্জ সফরকালীন সময়ে  মাননীয় স্পীকারের একটু সদয় দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হলে কানাইঘাট ও জকিগঞ্জের জন আকাংখা কিছুটা হলেও লাঘব হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। 

মাননীয় স্পীকার মেজর ( অব:) হাফিজ উদ্দিন আহমদের কানাইঘাট জকিগঞ্জ সফর আলোকিত, সুখময়, আনন্দময় ও নিরাপদ  হউক- এটাই আমাদের সকলের প্রত্যাশা।


লেখা: প্রফেসর- প্রফেসর এম ফরিদ উদ্দিন, সিনিয়র সদস্য- আহ্বায়ক কমিটি যুক্তরাজ্য বিএনপি ও সাবেক সহ-সভাপতি- যুক্তরাজ্য বিএনপি।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়