নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট উপজেলার ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের ঈদগাহ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে সি অ্যান্ড বি থেকে সুরমা ডাইক পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, ইউপি সদস্যবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনকালে ইউএনও সুমাইয়া ফেরদৌস বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে সরকারি উদ্যোগের পাশাপাশি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন ও পুনঃখনন কার্যক্রম গ্রহণ করেছেন। দেশের বিভিন্ন এলাকায় এ কর্মসূচি শুরু হয়েছে। স্থানীয় উদ্যোগে ঈদগাহ খাল পুনঃখননের কার্যক্রম গ্রহণ করায় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে খাল খনন ও পুনঃখনন করা হলে কৃষি খাতের উন্নয়নের পাশাপাশি এলাকার জলাবদ্ধতা নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় তিনি খননকাজের গুণগত মান নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীকে যথাযথভাবে কাজটি তদারকির নির্দেশনা দেন।
এ সময় চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, দীর্ঘদিন ধরে ঈদগাহ খালটি ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা ব্যাহত হচ্ছিল। ফলে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো।
তারা আশা প্রকাশ করেন, খালটি পুনঃখনন করা হলে পানি নিষ্কাশনের পথ সুগম হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষকরা কৃষিকাজে আরও বেশি উপকৃত হবেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়