Sunday, October 11

কানাইঘাটে ৯৬০ কেজি সালফার জব্দ, গ্রেপ্তার ১


নিজস্ব প্রতিবেদক:

সিলেটের কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৯৬০ কেজি সালফার টুকরাভর্তি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জাকির আহমদ (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা সালফারের আনুমানিক মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা। এ সময় অপর এক আসামি পালিয়ে যায়।

রোববার (১১ অক্টোবর) রাত ৩টা ৫ মিনিটের দিকে উপজেলার ৫ নং বড়চতুল ইউনিয়নের চতুল বাজার এলাকার একটি পেট্রোল পাম্পের প্রায় ১০০ গজ পশ্চিমে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) কবির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সালফার টুকরাভর্তি পিকআপসহ জাকির আহমদকে গ্রেপ্তার করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অপর এক আসামি কৌশলে পালিয়ে যায়।

গ্রেপ্তার জাকির আহমদ কানাইঘাট উপজেলার বাউরভাগ ১ম খণ্ড এলাকার আব্দুস শুক্কুর ও হেলেনা বেগমের ছেলে।

এ ঘটনায় গ্রেপ্তার জাকির আহমদ ও পলাতক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় কানাইঘাট থানায় মামলা করা হয়েছে। মামলাটি ১১ অক্টোবর দায়ের করা হয়। মামলা নম্বর ৬।

মামলার তদন্তভার উপপরিদর্শক সুব্রত চন্দ্র দাসের ওপর ন্যস্ত করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়