Wednesday, July 29

রাত পোহালেই কানাইঘাটে এনসিপির পদযাত্রা, আসছেন কেন্দ্রীয় নেতারা


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বহুল আলোচিত পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (৩০ জুলাই)। কর্মসূচিকে ঘিরে উপজেলা জুড়ে শেষ মুহূর্তের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় নেতাদের আগমনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচিতে অংশ নিতে কানাইঘাটে আসছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়া কর্মসূচিতে অংশ নেবেন এনসিপি সিলেট জেলা ও মহানগর শাখা, জাতীয় ছাত্রশক্তি, যুবশক্তি এবং শ্রমিক শক্তির জেলা ও মহানগর কমিটির শীর্ষ নেতারাও।

কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং করেন এনসিপি কানাইঘাট উপজেলা শাখার নেতৃবৃন্দ।

প্রেস ব্রিফিংয়ে এনসিপি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং কানাইঘাট উপজেলা চেয়ারম্যান পদে দলটির চূড়ান্ত প্রার্থী হাফিজ বুরহান উদ্দিন ইউসুফ বলেন, “এনসিপির পদযাত্রাকে ঘিরে কানাইঘাটে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে আগ্রহ ও প্রাণচাঞ্চল্য। আমরা আশাবাদী, সারা দেশে অনুষ্ঠিত এনসিপির কর্মসূচিগুলোর মধ্যে কানাইঘাটের আয়োজন অন্যতম সেরা ও স্মরণীয় হবে।”

তিনি আরও বলেন, কর্মসূচি সফল করতে উপজেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি একটি বৃহৎ রাজনৈতিক সমাবেশে রূপ নেবে বলে তাদের প্রত্যাশা।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়