Wednesday, July 29

লোভাছড়ার জব্দকৃত পাথর পা'চা'র'কালে ভলগেটসহ গ্রে'ফ'তার ২

 


নিজস্ব প্রতিবেদক:

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া পাথর কোয়ারীতে জব্দকৃত পাথর চুরি ঠেকাতে অভিযান জোরদার করেছে কানাইঘাট থানা পুলিশ। সেই অভিযানে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পাথর বোঝাই একটি স্টিলের ভলগেট নৌকাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নির্দেশনায় পরিচালিত অভিযানে লোভাছড়া কোয়ারীর চিন্তার বাজার সংলগ্ন লোভা নদী থেকে পরিবেশ অধিদপ্তরের জব্দকৃত পাথর চুরি করে নদীপথে পরিবহনের সময় স্টিলের ভলগেট নৌকাটি আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বড়বন্দ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আবু হানিফ (২০) এবং একই গ্রামের মৃত উসমান আলীর ছেলে আবু জাফর (২২)।

পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, আটককৃত ভলগেটে প্রায় ৬০০ ঘনফুট পাথর ছিল, যার আনুমানিক মূল্য ৫৪ হাজার টাকা। নৌকাটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় খনি ও খনিজ সম্পদ নিয়ন্ত্রণ ও উন্নয়ন আইনে মামলা (থানা মামলা নং-২২) দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে লোভাছড়ার জব্দকৃত পাথর নদীপথে চুরি করে জকিগঞ্জের আটগ্রামে অবস্থিত একটি অবৈধ ক্রাশার জোনে নেওয়া হচ্ছিল। প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, স্থানীয় একটি সিন্ডিকেটের কাছ থেকে এসব পাথর সংগ্রহ করে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, জব্দকৃত পাথর চুরি ও এর সঙ্গে জড়িত সিন্ডিকেটের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়