Saturday, July 4

কাতারের শোক না কাটতেই সৌদিতে কানাইঘাটের আরও এক প্রবাসীর মৃত্যু


নিজস্ব প্রতিবেদক :

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে একসঙ্গে পাঁচ প্রবাসীর মৃত্যুর ঘটনায় কানাইঘাটজুড়ে শোকের আবহ এখনো কাটেনি। এরই মধ্যে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তারেক আহমদ(২৪) নামে আরও এক রেমিট্যান্সযোদ্ধার মর্মান্তিক মৃত্যুর খবর এসেছে।

নিহত তারেক আহমদ উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামের ফয়েজ আহমদের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (২ জুলাই) সৌদি আরবের জেদ্দা শহরে কর্মস্থলে দায়িত্ব পালন শেষে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে তারেক ড্রাইভিং শিখছিলেন। এ সময় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৩ জুলাই)  বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তারেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ৫ নং বড় চতুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী। তিনি জানান, পরিবারের স্বপ্ন পূরণের প্রত্যাশায় মাত্র দেড় বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তারেক। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রবাসেই ঝরে গেল তার তরতাজা প্রাণ।

তার এই অকাল মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই মুক্তাপুর গ্রামসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সন্তানের মৃত্যুতে বারবার মূর্ছা যাচ্ছেন তারেকের বাবা-মা। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়