নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় সীমান্ত চোরাচালান, মাদক, নারী-শিশু নির্যাতন ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তা দেওয়া হয়েছে। সভায় সীমান্ত এলাকায় বিজিবি ও পুলিশের টহল জোরদার, চোরাকারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং মাদকবিরোধী অভিযান আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল।
সভায় কানাইঘাটের সীমান্তবর্তী সুরইঘাট ও বড়বন্দ এলাকায় চোরাচালান দমনে বিজিবিকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সীমান্তের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত চেকপোস্ট স্থাপন, সমন্বিত টাস্কফোর্স অভিযান জোরদার এবং চিহ্নিত চোরাকারবারিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের বিষয়েও আলোচনা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল বলেন, সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, বিজিবি ও থানা পুলিশের টহল জোরদার এবং বিজিবির জনবল বাড়ানো এখন সময়ের দাবি। তিনি জানান, চোরাচালান প্রতিরোধে সমন্বিত টাস্কফোর্সের অভিযান আরও গতিশীল করা হবে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত দিয়ে ভারতীয় গরু প্রবেশ বন্ধ, পশুর হাটে নিরাপত্তা জোরদার এবং নারী-শিশু নির্যাতন প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশনাও দেন তিনি।
থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে পুলিশ নিয়মিত কাজ করছে এবং ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্য উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। তিনি মাদকের বিস্তার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জাফর আলী জানান, সীমান্তে চোরাচালান রোধে বিজিবি সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। বর্তমানে জনবল বৃদ্ধি ও ২৪ ঘণ্টা টহল জোরদার করা হয়েছে। তিনি দায়িত্ব গ্রহণের পর মাত্র ২৭ দিনে প্রায় ৯১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করার তথ্য তুলে ধরেন।
সভায় উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রতিটি ইউনিয়নে মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং মাদকবিরোধী গণসচেতনতা বাড়াতে থানা পুলিশের প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া লোভাছড়া পাথর কোয়ারি থেকে অবৈধ পাথর উত্তোলন এবং পাথর পরিবহনের কারণে সড়ক-যোগাযোগ ব্যবস্থার বেহাল অবস্থার বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে উঠে আসে।
সভায় বক্তব্য রাখেন দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ এবং কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়