নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাটে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ইউএনও মেধা বৃত্তি’ মেধা যাচাই পরীক্ষা। পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন নগদ বৃত্তি, মেডেল পদক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ইউএনও মেধা বৃত্তি পরীক্ষার আয়োজক মোঃ মেহেদী হাসান শাকিল।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও অভিভাবকদের উপস্থিতিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ১০ জন কৃতী শিক্ষার্থীর হাতে নগদ বৃত্তি, মেডেল ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ইউএনও মেহেদী হাসান শাকিল বলেন, উপজেলার শিক্ষার সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা বাড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রতিযোগিতামূলক মেধাবৃত্তির আয়োজন আরও বৃদ্ধি করা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেদের মেধা যাচাই করতে পারে, পড়াশোনায় আরও মনোযোগী হয় এবং ভবিষ্যতে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারে- সে লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকবৃন্দ এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এটি ছিল না কোনো গতানুগতিক মেধা পরীক্ষা; বরং মানসম্মত ও ব্যতিক্রমধর্মী প্রশ্নপত্রের মাধ্যমে আয়োজিত এ পরীক্ষা শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অর্জিত অভিজ্ঞতা ও শেখা বিষয়গুলো আগামী দিনের শিক্ষাজীবনে কাজে লাগবে বলেও মত দেন তারা।
কানাইঘাটে শিক্ষাক্ষেত্রে নতুন উদ্দীপনা সৃষ্টিকারী এ আয়োজনকে স্থানীয়রা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়