নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। একই সঙ্গে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবিকে আরও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনা দেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টায় কানাইঘাট উপজেলা পরিষদ সভাকক্ষে মাসিক আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির সভাপতি সুমাইয়া ফেরদৌস।
সভায় সংসদ সদস্য মুফতি আবুল হাসান বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান বন্ধে বিজিবি ও থানা পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে জনসাধারণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদক আমাদের তরুণ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যারা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশকে নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি অপরাধ দমনে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা সীমান্ত এলাকায় বেপরোয়া চোরাচালান ও চোরাই পণ্য পরিবহনের ভয়াবহ চিত্র তুলে ধরেন। তাঁরা জানান, গত দুই মাসে চোরাচালানের পণ্যবাহী গাড়ির চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। চোরাকারবারিরা কোনো কিছুর তোয়াক্কা না করে বেপরোয়াভাবে গাড়ি চালানোয় সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে চোরাচালান ও মানবপাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরার জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান তাঁরা।
এ সময় জনপ্রতিনিধিরা নিজ নিজ এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে বরাদ্দ বৃদ্ধি ও বিভিন্ন সমস্যার সমাধানে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে মুফতি আবুল হাসান বলেন, ইতোমধ্যে কানাইঘাট ও জকিগঞ্জে বেশ কয়েকটি বড় প্রকল্পের কাজ শুরু হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেছেন। পর্যায়ক্রমে এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও প্রাপ্তি পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আগামী ৩ ডিসেম্বর মহান জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের কানাইঘাট ও জকিগঞ্জ সফর সফল করতে সবার সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য। একই সঙ্গে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের জনগণের সেবা নিশ্চিত করতে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।
সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. স্বপ্নীল সৌরভ রায়, কানাইঘাট থানার ওসি (তদন্ত) শহিদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওলানা জামার উদ্দিন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, বড়চতুল ইউপি চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান লোকমান আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর এবং কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা।
এর আগে সংসদ সদস্য মুফতি আবুল হাসান কানাইঘাটের দিঘীরপাড় ইউনিয়নের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসা কবরস্থানে সমাহিত মহান মুক্তিযুদ্ধে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের সমাধিস্থল পরিদর্শন করেন।
উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধে শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান বীর উত্তমের সমাধিস্থল পরিদর্শন ও তাঁর রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নিতে কানাইঘাটে আসবেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়