Friday, July 31

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কানাইঘাটে প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:
আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালনের লক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। সভায় সরকারের জারি করা পরিপত্র অনুযায়ী দিবসটি সফল ও স্বতঃস্ফূর্তভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, সাধারণ সম্পাদক মাস্টার সাজ উদ্দিন সাজু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিফতাহুল ইসলাম, কানাইঘাট থানার সেকেন্ড অফিসার জহিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমাছ উদ্দিন চৌধুরী, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার ফয়ছল আহমদ, পৌর বিএনপির সভাপতি নুরুল হুসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমানুর রশীদ চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, পৌর জামায়াতের সহ-সেক্রেটারি জুবায়ের ইউসুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনের যোদ্ধারা।

সভায় বিএনপি, জামায়াত ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস কানাইঘাটে স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ লক্ষ্যে প্রশাসন, রাজনৈতিক দল এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর তারা গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, সরকারের নির্দেশনা ও পরিপত্র অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থান দিবসের সকল কর্মসূচি যথাযথ মর্যাদায় বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি উপজেলা প্রশাসনের আয়োজিত সব কর্মসূচিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়