নিজস্ব প্রতিবেদক:
২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মাইশা ফাহমিদা। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এ পরীক্ষায় অসাধারণ কৃতিত্ব দেখিয়ে সে সর্বোচ্চ ‘ট্যালেন্টপুল’ (মেধাবৃত্তি) ক্যাটাগরিতে বৃত্তি লাভ করেছে।
রবিবার (১২ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। দেশব্যাপী বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ মেধার লড়াইয়ে মাইশার এমন সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও সহপাঠীদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
মাইশা ফাহমিদার এই অসামান্য অর্জনে তার পিতা আল-মামুন ও মাতা ফরিদা বেগম গভীর সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং মাইশার কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মাইশা যেন তার মেধা ও যোগ্যতা দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য তারা সবার কাছে দোয়া কামনা করেছেন।
মাইশা ফাহমিদা তার এ কৃতিত্বের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ও পিতা-মাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে।
কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষকরা জানান, মাইশা একজন নিয়মিত, অধ্যবসায়ী ও মেধাবী শিক্ষার্থী। তার এ অর্জন প্রতিষ্ঠানের জন্যও গৌরবের বিষয়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়