Friday, July 31

কানাইঘাটে পথসভার মধ্যে হারাল নাহিদ ইসলাম ও তার পিএসের মোবাইল

 


নিজস্ব প্রতিবেদক:

হবিগঞ্জ ও গোলাপগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার পরও সিলেটের কানাইঘাটে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে দলটির জুলাই পদযাত্রা ও পথসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান দলের কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার(৩০ জুলাই) পথসভা চলাকালে এবং কর্মসূচি শেষে নিজেদের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পৃথক পোস্টে কানাইঘাটবাসীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তার পোস্টে লিখেছেন, "ভারী বৃষ্টি, দীর্ঘ চার ঘণ্টার অপেক্ষা, সন্ত্রাসী বাহিনীর অব্যাহত হুমকি উপেক্ষা করে সিলেটের কানাইঘাট উপজেলার জুলাই পদযাত্রায় লাখো মানুষের ঢল। কানাইঘাটবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।"

দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে কানাইঘাটের পদযাত্রাকে জুলাই মাসের সবচেয়ে বড় পদযাত্রা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে অতিরিক্ত জনসমাগমের মধ্যে সবাইকে নিজেদের মোবাইল ফোন নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তবে পথসভা শেষে স্টেজ থেকে নামার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তার ব্যক্তিগত সহকারীর (পিএস) মোবাইল ফোন হারিয়ে যায়। পরে কানাইঘাট ত্যাগের আগে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এবং কানাইঘাট উপজেলা চেয়ারম্যান পদে দলটির চূড়ান্ত প্রার্থী হাফিজ বুরহান উদ্দিন ইউসুফ।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “গতকাল এনসিপির পথসভা শেষে মোবাইল ফোন হারানোর বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়