নিজস্ব প্রতিবেদক :
অবশেষে স্বজনদের কাছে ফিরলেন তারা। তবে জীবিত নয়, পাঁচটি নিথর দেহ হয়ে। কাতারের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী যুবকের মরদেহ মঙ্গলবার (৩০ জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে সকাল সাড়ে ১১টার দিকে অ্যাম্বুলেন্সে করে নিজ নিজ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনদের আহাজারি, মায়ের বুকফাটা কান্না, স্ত্রী-সন্তান ও আত্মীয়দের আর্তনাদে ভারী হয়ে ওঠে পুরো এলাকার বাতাস। শোকে স্তব্ধ হয়ে পড়ে কানাইঘাট।
পরিবারের মুখে হাসি ফোটাতে চার বছর আগে কাতারে পাড়ি জমিয়েছিলেন কাদের আহমদ (৩৩)। আগামী মাসেই ছিল তার জীবনের প্রথম দেশে ফেরার কথা। কিন্তু সেই ফেরা আর হলো না। জীবনের সব স্বপ্ন থেমে গেল এক নির্মম সড়ক দুর্ঘটনায়।
অন্যদিকে, মাত্র দুই মাস আগে ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছিলেন জুবায়ের আহমদ (২৮)। নিয়তির কী নির্মম পরিহাস—১২ বছর আগে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন তার বাবা মড়া মিয়া। আজ একইভাবে সড়ক দুর্ঘটনাই কেড়ে নিল ছেলের জীবনও। একই পরিবারের বুকে আবারও নেমে এলো শোকের কালো ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার যোহরের নামাজের পর আকুনি মাদরাসা মাঠে একসঙ্গে পাঁচ প্রবাসীর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হবে।
উল্লেখ্য, গত রোববার (২১ জুন) কাতারের শাহানিয়া এলাকায় সংঘটিত ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোট ছয়জন নিহত হন। তাদের মধ্যে পাঁচজনই ছিলেন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।
নিহতরা হলেন—ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।
বিদেশে গিয়েছিলেন পরিবারের স্বপ্ন পূরণ করতে, সন্তানের ভবিষ্যৎ গড়তে, বাবা-মায়ের মুখে হাসি ফোটাতে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তারা ফিরলেন কফিনবন্দী হয়ে। তাদের এই অকাল মৃত্যু শুধু পাঁচটি পরিবার নয়, পুরো কানাইঘাটবাসীকেই শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়