Sunday, May 17

অসুস্থ শরীরেও মাদ্রাসার চিন্তা, ঢাকায় শয্যায় লক্ষ্মিপুরীর প্রশ্ন “মসজিদের কাজ চলেরনি?”


নিজস্ব প্রতিবেদক:

বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন দারুল উলুম দারুল হাদীস কানাইঘাট মাদ্রাসার মহাপরিচালক, প্রখ্যাত শায়খুল হাদীস হযরত মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষ্মিপুরী। কিছুদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা গ্রহণের পর বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ঢাকায় অবস্থান করছেন তিনি।

অসুস্থতার মধ্যেও প্রিয় প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের প্রতি তাঁর মমত্ববোধ যেন এতটুকুও কমেনি। প্রতিদিনই তাঁর খোঁজখবর নিতে ও দোয়া কামনায় ঢাকায় ছুটে যাচ্ছেন মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও শুভাকাঙ্ক্ষীরা।

রবিবার (১৭ মে) শায়খ লক্ষ্মিপুরীকে দেখতে ঢাকায় যান কানাইঘাট মাদ্রাসার সহকারী শিক্ষক ক্বারী মাওলানা হারুনুর রশীদ চতুলী, কানাইঘাট বাজার পপুলার ফার্মেসির পরিচালক ক্বারী মাওলানা গিয়াস উদ্দিন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী কানাইঘাটের সন্তান মারুফ আহমদ ও মাষ্টার হোসাইন আহমদ।

সাক্ষাৎকালে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অসুস্থ শায়খ লক্ষ্মিপুরী প্রথমেই খোঁজ নেন তাঁর প্রিয় মাদ্রাসার  শিক্ষক ও ছাত্রদের। ক্বারী মাওলানা হারুনুর রশীদের উদ্দেশ্যে তিনি বলেন,“মাদ্রাসার আসাতিযায়ে কেরামগণ বালা আছইন নি? সবাই মিলিয়া আমার শিফার জন্য দোআ করিও।” এরপর অসুস্থ শরীরেও তাঁর কণ্ঠে ফুটে ওঠে প্রতিষ্ঠানের প্রতি গভীর দায়বদ্ধতা। তিনি উদ্বিগ্ন হয়ে জানতে চান, “মাদ্রাসার নির্মাণাধীন মসজিদের কাজ চলেরনি? হাজ্বী ওলিউর রহমান সাহেব মাঝে মাঝে দেখাত আইননি?”( যিনি মাদ্রাসার মসজিদ নির্মাণে সর্বাত্নক সহযোগিতা করছেন)

শারীরিক অসুস্থতার মাঝেও নিজের চিকিৎসার চেয়ে প্রতিষ্ঠান, মসজিদের নির্মাণকাজ এবং সহকর্মীদের খোঁজ শায়খ লক্ষ্মিপুরীর এমন হৃদয়ছোঁয়া কথাগুলো উপস্থিতদের আবেগাপ্লুত করে তোলে।

এদিকে দেশ-বিদেশে অবস্থানরত তাঁর অসংখ্য ছাত্র, ভক্ত ও শুভানুধ্যায়ীরা প্রিয় শায়খের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া অব্যাহত রেখেছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়