নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে টিসিবির ডিলার হিসেবে মনোনীত আলমগীর আহমদের নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) স্থানীয় নারানপুর গ্রামের মৃত গোলাম কিবরিয়া চৌধুরীর ছেলে আলফাছ উদ্দিন চৌধুরী বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে এ অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে আলফাছ উদ্দিন চৌধুরী উল্লেখ করেন, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে টিসিবির ডিলার নিয়োগের জন্য সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর ইউনিয়নের পাঁচজন ব্যক্তি ডিলারশিপের জন্য আবেদন করেন। পরবর্তীতে উপজেলা খাদ্যগুদাম পরিদর্শক প্রাথমিক যাচাই-বাছাই শেষে মা এন্টারপ্রাইজ, ফারুক খাদ্য ভান্ডার ও আলমগীর এন্টারপ্রাইজকে ডিলার হিসেবে যোগ্য উল্লেখ করে প্রতিবেদন দেন।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে আবেদনকারীরা জানতে পারেন, আলমগীর এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী স্থানীয় বড়খেওড় গ্রামের বাসিন্দা আলমগীর আহমদকে লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের টিসিবি ডিলার হিসেবে মনোনীত করা হয়েছে।
আলফাছ উদ্দিন চৌধুরীর অভিযোগ, আলমগীর আহমদ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং তিনি লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতির ছেলে। এছাড়া বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন প্রত্যাশী ছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও দাবি করা হয়, আলমগীর আহমদের দুই ভাই ও এক বোন আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে তার টিসিবি ডিলার হিসেবে মনোনয়ন বাতিল করে অন্য যোগ্য আবেদনকারীকে ডিলারশিপ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও সিদ্ধান্তের ওপরই অভিযোগটির সত্যতা ও পরবর্তী ব্যবস্থা নির্ভর করবে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়