Wednesday, March 18

জকিগঞ্জ–কানাইঘাটবাসীকে এম ফরিদ উদ্দিনের ঈদ শুভেচ্ছা


নিজস্ব প্রতিবেদক:

বিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, আত্মসংযম ও আত্মশুদ্ধির পর যে আনন্দ, শান্তি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে ঈদ আমাদের মাঝে আসে, তা সত্যিই অনন্য। এই মহিমান্বিত উৎসবকে কেন্দ্র করে জকিগঞ্জ ও কানাইঘাটবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি, কানাইঘাটের সন্তান, জননেতা প্রফেসর এম ফরিদ উদ্দিন।

মঙ্গলবার রাতে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, সংযম এবং আল্লাহভীতির শিক্ষা দেয়। এই মাসে মানুষ তার ভেতরের সব কলুষতা দূর করে নতুনভাবে জীবন গঠনের প্রেরণা পায়। আর সেই সাধনার পরই আসে ঈদুল ফিতর যা নিয়ে আসে অফুরন্ত আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা।

তিনি আরও উল্লেখ করেন, ঈদুল ফিতর শুধু আনন্দের দিনই নয়, এটি সাম্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে মানুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে এবং একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়। ঈদের এই শিক্ষা আমাদের সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

প্রফেসর এম ফরিদ উদ্দিন আশা প্রকাশ করেন, ঈদুল ফিতরের এই মহান শিক্ষা শুধু একটি দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং তা সারা বছর জুড়ে আমাদের জীবনে প্রতিফলিত হবে। তিনি সবাইকে আহ্বান জানান,নিজ নিজ অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এবং সমাজে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে।

সবশেষে তিনি জকিগঞ্জ ও কানাইঘাটসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেন যেন সবার জীবন ভরে ওঠে শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে।

ঈদ মোবারক।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়