Wednesday, March 11

কানাইঘাটে দেড় বছরের সন্তানকে রেখে উধাও গৃহবধূ ! ৯ দিনেও মেলেনি সন্ধান


নিজস্ব প্রতিবেদক :

সিলেটের কানাইঘাটে তানজিলা আক্তার (২৪) নামের এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। ঘটনার ৯ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তার সন্ধান চেয়ে থানায় একটি নিখোঁজ ডায়েরিও করা হয়েছে।

জানা যায়, উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি লক্ষীপুর গ্রামের বাবলু মিয়া খানের স্ত্রী ও এক সন্তানের জননী তানজিলা আক্তার গত ২ মার্চ সোমবার ভোর আনুমানিক ৬টার দিকে স্বামীর অনুপস্থিতিতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। যাওয়ার সময় তিনি তার দেড় বছরের মেয়ে রাফিয়া আক্তারকে ঘরে রেখেই বের হয়ে যান।

তানজিলার স্বামী বাবলু মিয়া জানান, ওইদিন সকালে তিনি বাড়ির পাশে সবজি বাগানে কাজ করছিলেন। সকাল প্রায় ৬টার দিকে ঘরে এসে দেখেন তার স্ত্রী ঘরে নেই, তবে তাদের ১৮ মাস বয়সী মেয়ে রাফিয়া আক্তার ঘরের ভেতরেই রয়েছে। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও স্ত্রীকে না পেয়ে তিনি বিষয়টি শ্বশুরবাড়িতে জানান।

পরে তানজিলার পিতা, উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের আব্দুল মতিনসহ পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। বিষয়টি থানা পুলিশকে জানালে সোমবার (৯ মার্চ) তানজিলার স্বামী বাবলু মিয়া ও তার শ্বশুর-শাশুড়িকে থানায় ডেকে নিয়ে বিস্তারিত ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এ বিষয়ে বাবলু মিয়া জানান, তার স্ত্রী তানজিলা আক্তার কানাইঘাট পৌরসভার বায়মপুর গ্রামের ইমরান নামের এক যুবকের সাথে মোবাইলে কথা বলতেন। পুলিশ ওই যুবককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি তানজিলার সাথে কোথাও যাননি বলে দাবি করেন।

এদিকে ৯ দিন ধরে তানজিলা আক্তারের কোনো খোঁজ না পাওয়ায় তার পরিবার ও স্বামীর বাড়ির লোকজন চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।

পরিবারের পক্ষ থেকে তানজিলার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়