নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের কানাইঘাটে নিখোঁজ হওয়া সেই গৃহবধূকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ। প্রায় ৯ দিন পর তাকে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হলে পরিবারে স্বস্তি ফিরে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ মার্চ ২০২৬ তারিখ সকাল প্রায় ১১টার দিকে কানাইঘাট থানাধীন রাজাগঞ্জ ইউনিয়নের লক্ষীপুর এলাকা থেকে ২১ বছর বয়সী ওই গৃহবধূ নিখোঁজ হন। এ ঘটনায় তার মা মিনারা বেগম ৫ মার্চ কানাইঘাট থানায় জিডি (নং–২০১) করেন।
জিডির সূত্র ধরে কানাইঘাট থানার এসআই মুহাম্মদ আমিনুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করেন। পরবর্তীতে ১১ মার্চ সকাল ৯টার দিকে সঙ্গীয় ফোর্সসহ সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন ধুপাগুল এলাকা থেকে ওই গৃহবধূকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে গৃহবধূ জানান, স্বামীর সঙ্গে অভিমান করে পরিবারের কাউকে কিছু না জানিয়ে তিনি স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে যান। পরে সিলেটের ধুপাগুল এলাকায় একটি বাসায় আশ্রয় নিয়ে কাজের মেয়ে হিসেবে কাজ শুরু করেন।
পরবর্তীতে তার মতামতের ভিত্তিতে একইদিন রাত ১০টার দিকে তাকে তার মা মিনারা বেগমের জিম্মায় হস্তান্তর করা হয়।
নিখোঁজ গৃহবধূকে দ্রুত উদ্ধার করায় পরিবারের সদস্যরা কানাইঘাট থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়