নিজস্ব প্রতিবেদক::
পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর প্রিয় সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোশিয়েশন ইউকে-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় কানাইঘাট পৌরশহরের ইট এন্ড মিট রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় হাজারো অসহায় নারী-পুরুষের হাতে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তা বিতরণের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাওসার আহমদের সভাপতিত্বে এবং কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কলামিস্ট মাস্টার মহি উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন সাংবাদিক আলিম উদ্দিন, ইউপি সদস্য মাওলানা খলিলুর রহমান এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকেই মানবিক সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোশিয়েশন ইউকে দারিদ্র্য বিমোচন, শিক্ষা উন্নয়ন এবং মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশেষ করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সংগঠনটি কানাইঘাটের অসহায় মানুষের মাঝে নিয়মিত নগদ অর্থ সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করে থাকে। পাশাপাশি দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য ঘর নির্মাণেও সহায়তা প্রদান করে।
এবারের রমজানে প্রায় হাজারো মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দিন চৌধুরী, বর্তমান সভাপতি মানবিক ব্যক্তিত্ব ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রশিদ আহমদসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপস্থিত সুধীজন।
অর্থ সহায়তা পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, পাওয়া অর্থ দিয়ে রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ক্রয় করবেন। একইসঙ্গে সংগঠনের নেতৃবৃন্দের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়