Wednesday, March 11

কানাইঘাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা


নিজস্ব প্রতিবেদক:

২৫ মার্চ গণহত্যা দিবস পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য বিস্তারিত আলোচনা ও প্রস্তুতি গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সভায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কানাইঘাটে উৎসবমুখর ও যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এসব কমিটি দিবসটির বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল বলেন, সরকারের নির্ধারিত পরিপত্র অনুযায়ী মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সকল কর্মসূচি যথাযথভাবে পালনে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। তিনি এ দিবসকে সাফল্যমণ্ডিত করতে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১টায় এক আলোচনা সভার আয়োজন করা হবে, যেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা হবে এবং নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে বিভিন্ন দিক তুলে ধরা হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিবস দুটি ঘিরে কানাইঘাটে দেশপ্রেম ও উৎসবের আবহে নানা কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়