Tuesday, March 24

কানাইঘাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে এমপি মুফতি আবুল হাসান


নিজস্ব প্রতিবেদক :

সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের আকুনি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) বিকাল ৩টায় তিনি অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত জামাল উদ্দিনের বসতবাড়ি পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন তিনি। 

পরিদর্শনকালে সংসদ সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি টিন ও আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দেন। পাশাপাশি দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিনকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করার আহ্বান জানান।

এরপর তিনি গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসা পরিদর্শন করেন। ঐতিহ্যবাহী এ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে শিক্ষকদের নিষ্ঠার সঙ্গে পাঠদান করে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এসময় মাদ্রাসার অধ্যক্ষসহ শিক্ষকরা প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। 

পরে সংসদ সদস্য ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। সেখানে চেয়ারম্যান আবু বকর পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি স্থানীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন এবং জনগণকে হয়রানি ছাড়া সরকারি সেবা নিশ্চিত করার নির্দেশ দেন।

পরিদর্শনসূচির অংশ হিসেবে তিনি দক্ষিণ অঞ্চলের ঐতিহ্যবাহী গাছবাড়ি বাজারও ঘুরে দেখেন। বাজারের ড্রেনেজ ব্যবস্থার নাজুক অবস্থা ও বর্ষাকালে কাদাজনিত দুর্ভোগের বিষয়টি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ তুলে ধরলে তিনি পর্যায়ক্রমে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। 

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমির মাওলানা ফয়ছল আহমদ, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল এহসান শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও এমপির দায়িত্বপ্রাপ্ত পিএস মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, জকিগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কেএম মামুন,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক জয়নাল আজাদ, তথ্য প্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মাহফুজ সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।






শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়