নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় কানাইঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য মুফতি আবুল হাসানের অনুপস্থিতিতে উপকারভোগীদের মাঝে এসব উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামসহ উপজেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩৫০টি শাড়ি, ৫০টি থ্রি-পিস, ৫০টি হাজী রুমাল বিতরণ করা হয়। এছাড়া আড়াই শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ৫ লাখ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান শাকিল বলেন, জনগণের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ও নগদ সহায়তা বিতরণ করা হচ্ছে, যা অসহায় মানুষের ঈদ উদযাপনকে আনন্দমুখর করবে।
তিনি আরও বলেন, সংসদ সদস্য মুফতি আবুল হাসানের দিকনির্দেশনায় সুষ্ঠুভাবে এসব উপহার বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে শুধুমাত্র নির্দিষ্ট এলাকার জন্য এসব সহায়তা বরাদ্দের যে গুজব ছড়ানো হয়েছিল, তা সঠিক নয়। দেশের সকল সংসদীয় আসনেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ধরনের ঈদ উপহার ও সহায়তা প্রদান করা হচ্ছে।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়