Tuesday, March 24

জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি, কানাইঘাটে হাবিবুর রহমান


নিজস্ব প্রতিবেদক :

সিলেট জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দেশের স্বার্থে বর্তমান সরকারের ভালো কাজে সহযোগিতা করার আশ্বাস দেওয়া হলেও জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকার টালবাহনা শুরু করেছে। তিনি অবিলম্বে জুলাই সনদের আলোকে জাতীয় সংসদে সংস্কার অধিবেশন আহ্বান এবং প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। অন্যথায় জামায়াতে ইসলামী দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার (২৩ মার্চ) বিকাল ৪টায় আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুর রহমান বলেন, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি ও ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে। দেশের মানুষ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যজোটকে ভোট দিলেও নির্বাচনের ফলাফলে ভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। এ বিষয়ে সাবেক উপদেষ্টা রেজওয়ানা নিজেও স্বীকারোক্তি দিয়েছেন এবং বিভিন্ন মহল থেকেও বিষয়টি জোরালোভাবে আলোচিত হচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই চেতনার মাধ্যমে জামায়াতে ইসলামীর নাম আজ বাংলাদেশের ঘরে ঘরে পৌঁছে গেছে। অচিরেই এ দেশে ইসলামী আন্দোলনের সরকার প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দেশপ্রেমিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য অর্জনে দলীয় নেতাকর্মীদের মাঠে-ময়দানে আরও সক্রিয় হতে হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের প্রতিটি শাখাকে নতুনভাবে ঢেলে সাজাতে হবে। পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই নেওয়ার আহ্বান জানান তিনি।

পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল করিমের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তাজ উদ্দিন ও পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা ইকবাল হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জয়নাল আবেদীন, জেলা উত্তরের নায়েবে আমীর মাওলানা ফয়জুল্লাহ বাহার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাসুক আহমদ, শাহপরাণ থানা জামায়াতে ইসলামের আমীর শামীম আহমদ এবং জেলা ছাত্রশিবিরের পূর্ব শাখার সভাপতি আবু আয়ুম মঞ্জু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা শরীফ আহমদ, মাওলানা ফয়ছল আহমদ, পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা ছয়ফুল আলম, মাওলানা বিলাল আহমদ, জামায়াত নেতা একেএম ওলিউল্লাহ, আব্দুল রহিম, মাওলানা মখতার আহমদ ও মাওলানা ওমর ফারুক।

প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত ঈদ পূর্ণমিলনীতে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়